নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ : আহত ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ : আহত ২

ফতুল্লায় পাল্টাপাল্টি চাঁদাবাজির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় ইয়াসিন আরাফাত ও আলিফ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

আহত ইয়াছিন আরাফাত জানান, তিনি পঞ্চবটি এলাকার এমদেদিয়া রোলিং মিলের মালিক। শনিবার বিকেলে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম, রাসেলসহ একটি দল তার মালিকানাধীন পঞ্চবটি এমদেদিয়া রোলিং মিলে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। 

চাঁদা না পেয়ে তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মারধর করেন। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে রোলিং মিল জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনের আগে তিনি শাপলা প্রতীকের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের কাছে ৫০ হাজার টাকা অনুদান দেন। তিনি নিজ হাতে টাকা দেওয়ায় আলিফ দেওয়ান ক্ষুব্ধ ছিলেন। 

আলিফ চেয়েছিলেন অনুদানের টাকা তার মাধ্যমে দেওয়া হোক। সেই ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আলিফ দেওয়ান। তিনি বলেন, ইয়াসিন আরাফাতের কোনো পদ-পদবি নেই। তিনি নির্বাচনের সময় আমাদের সঙ্গে ছিলেন। এখন পঞ্চবটি মোড়ে ফুটপাতে চাঁদাবাজি করেন। 

এ বিষয় প্রতিবাদ করায় আমাদের এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক বিপ্লবকে রাস্তা থেকে ধরে ইয়াসিন আরাফাত তাদের রোলিং মিলে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
 
এদিকে এ ঘটনায় স্থানীয় এনসিপি নেতা তরিকুল ইসলামের কাছে অভিযোগ জানানো হয়েছে। তিনি বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। 

ফতুল্লা থানা ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন