শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ফতুল্লায় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার এবং মিষ্টিসহ বিভিন্ন প্রকার ভেজাল খাদ্য পণ্য বিক্রির দায়ে সুইট ন্যাশন নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন, কৃষি বিপণন অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার ইসদাইর রসুলবাগ এলাকায় প্রতিষ্ঠানের প্রধান কারখানায় এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, সুইট ন্যাশনের কারখানাটিতে মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে ভেজাল মিষ্টি, চকলেট কেকসহ বিভিন্ন প্রকার খাদ্য পণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়।
এছাড়া ফ্রিজে মজুতকৃত চিকেন, ড্রামস্টিক, হারিয়ালি কাবাব ও কেকসহ বিভিন্ন প্রকার খাবারে মেয়াদোত্তীর্ণ রং, কেমিক্যাল, ফ্লেভার ব্যবহার করা হয়েছে।
তিনি আরও জানান, একই সঙ্গে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবারও মিশ্রণ করা হয়েছে। যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও খুবই ঝুঁকিপূর্ণ। এসব অনিয়মের দায়ে কারখানাটির মালিককে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করে পরবর্তীতে নিয়ম মেনে নির্ভেজাল খাবার তৈরির জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়।
ভেজাল খাদ্য পণ্য বিক্রি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
অভিযানে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপিস্থিত ছিলেন।