ফতুল্লায় দিনদুপুরে প্রকাশ্যে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়িতে ঢুকে প্রবাসীর মেয়ের হাত-পা বেঁধে আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা কামালপুর এলাকায় প্রবাসী বাবুল দাশের মালিকানাধীন বসতবাড়ি মাতৃভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে চারজনের একদল মুখোশধারী বাড়ির সামনে অবস্থান নেয়। তাদের মধ্যে একজন কালো বোরকা পরিহিত ছিল। কিছুক্ষণ পর বাড়ির সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
বিস্ফোরণের পর ডাকাত দলের দুই সদস্য বাড়িতে প্রবেশ করে, বাকি দুইজন বাইরে পাহারায় ছিল। বোমার শব্দে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে ডাকাতরা দ্রুত বাড়ি থেকে বের হয়ে দৌঁড়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজেও ডাকাতদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগী পার্বতী দাশ জানান, তার বাবা বাবুল দাশ, স্বামী দিলীপ দাশ ও তিন ভাই যুক্তরাষ্ট্রে প্রবাসে থাকেন। তিন তলা বাড়ির নিচের দুই তলায় ভাড়াটিয়া এবং ওপরের তলায় তিনি ও পরিবারের সদস্যরা থাকেন।
তিনি অভিযোগ করে বলেন, “বিকেল চারটার দিকে দুইজন মুখোশধারী ডাকাত বাড়িতে ঢুকে প্রথমে সব ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়।
পরে আমার ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। আলমারি খুলে প্রায় দেড় থেকে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে তারা পালিয়ে যায়।”
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিতের চেষ্টা করা হচ্ছে।”#