শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:০০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০১:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- অপূর্ব (২৪), আক্তার হোসেন (৩৭), হাবিব মিয়া (৩০) ও আউয়াল (৩৫)।
তাদের বাড়ি সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাত ডাকাত পালিয়ে যায়।
্উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে একটি ১৬ ইঞ্চি লম্বা লোহার তৈরি চাইনিজ কুড়াল, ২৩ দশমিক ৫ ইঞ্চি লম্বা শাবল, ২১ ইঞ্চি লম্বা সাদা রঙের এসএস পাইপ এবং ১২ ইঞ্চি লম্বা একটি চাপাতি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার কাঁচপুর ব্রিজের নিচে তাদের তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কাঁচপুর ব্রিজের নিচে বালুর মাঠে একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশে অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে, এরকম খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, প্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগ রয়েছে। পলাতকদের শনাক্তে অভিযান চলছে।