শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:১০, ২১ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:১০, ২১ মার্চ ২০২৬
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব-আনন্দ-উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর। সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও নির্ধারিত সময়ে সকাল ৮ টায় প্রথম জামাত ও সকাল ৯টয় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগের মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন আমলাপাড়া জামিয়া আশরাফিয়া রহমতুল্লাহ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির।

এদিকে বৃষ্টির আশঙ্কা ও ভেজা পরিবেশ সত্ত্বেও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদগাহ প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা যায়। ঈদের প্রধান জামাতে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।
তাদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার এবং সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ঈদের জামাতে অংশ নেওয়ার আনন্দ ভিন্নরকম। বৃষ্টির মধ্যেও সবার সঙ্গে একসঙ্গে নামাজ আদায়ের অনুভূতি তাদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।
ঈদুল ফিতরকে ঘিরে প্রতিটি ঘরে ঘরে উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন পোশাক পরে সবাই আজ আনন্দে মেতে উঠেছে। পরিবার-পরিজনের সঙ্গে চলছে ঈদের আনন্দ ভাগাভাগি।
ঈদকে ঘিরে ঘরে ঘরে সেমাই, পায়েস, পোলাওয়ের চাল আর নতুন পোশাকের সুবাসে মুখর। নতুন পোশাকে ঈদের নামাজ, মেহেদি উৎসব, সুস্বাদু খাবার এবং আত্মীয়-স্বজনের বাড়িতে যাতায়াত উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ঈদ উপলক্ষে সরকারি হাসপাতাল, এতিমখানা, শিশু সদন, আশ্রয় কেন্দ্র ও নারায়ণগঞ্জ কারাগারে পরিবেশন করা হচ্ছে উন্নতমানের খাবার।