শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১২:২০, ২৭ মে ২০২৬ | আপডেট: ১২:২৬, ২৭ মে ২০২৬
এবারো প্রতি বছরের ন্যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদের একদিন আগেই নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁয়ে ঈদুল আজহা উদযাপন করেছেন হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা।
বৈরী আবহাওয়ার মধ্যেও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত আদায় করে পশু কোরবানি করেছেন তারা।

বুধবার (২৭ মে) সকাল ৯টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত শাহ সুফি মমতাজিয়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদরাসা ও জামে মসজিদ প্রাঙ্গণে ‘জাহাগিরিয়া তরিকার’ কয়েকশ অনুসারী এ ঈদের নামাজ আদায় করেছেন। পরে সেখানে তারা পশু কোরবানি করেন।
একই দিনে এর আগে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন অনুসারীরা।

ঈদের নামাজ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা শাহাবুদ্দিন। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।
বৃষ্টি উপেক্ষা করে শিশু, কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মুসল্লিদের ঈদের জামাতে অংশ নিতে দেখা যায়। অনেকেই ছাতা হাতে ও ভিজে কাপড়ে নামাজ আদায় করেন। জামাতকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশ।
স্থানীয় মুসল্লি আব্দুল কাদের বলেন, “আমরা প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছি। বৈরী আবহাওয়া থাকলেও ঈদের আনন্দে কোনো ঘাটতি ছিল না।”
আরেক মুসল্লি মোহাম্মদ সোহেল জানান, “বৃষ্টির মধ্যেও সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছি। নামাজ শেষে কোরবানির প্রস্তুতি নিয়েছি। পরিবার-পরিজন নিয়ে ঈদের দিনটি আনন্দে কাটানোর চেষ্টা করছি।”
প্রবীণ মুসল্লি হাফেজ নুরুল ইসলাম বলেন, “ঈদ মানেই আনন্দ ও ত্যাগের শিক্ষা। আবহাওয়া খারাপ থাকলেও মানুষ ধর্মীয় দায়িত্ব পালনে আন্তরিক ছিল।”
উল্লেখ্য, জাহাগিরিয়া তরিকার অনুসারীরা গত একশ বছর আগ থেকে বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা অনুযায়ী ঈদ পালন করে আসছেন।