শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২৭, ২৮ মে ২০২৬ | আপডেট: ২২:২৮, ২৮ মে ২০২৬
নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭টা ও ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করা এবং পরিবেশ পরিষ্কার রাখার জন্য বিশেষভাবে সচেতন করা হয়। জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। আশা করছি নারায়ণগঞ্জ জেলাবাসী পরিবারের সঙ্গে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করছেন।
নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ঈদ উদযাপনের পাশাপাশি পরিবেশের প্রতি খেয়াল রেখে সরকারি নির্দেশনা মেনে কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে। পশুর চামড়ার যথাযথ সংরক্ষণেও যত্নবান হতে হবে।
এছাড়াও বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মুসল্লিরা ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের জন্য বিশেষ ঈদের জামাত ও উন্নত মানের খাবারের আয়োজন করা হয়। তাদের জন্য সকালের সেমাই-মুড়ি এবং দুপুরে পোলাও, মাংস ও মিষ্টির ব্যবস্থা ছিল। বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রাখা হয়।