নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বরফকল খেলার মাঠে মেলার আয়োজনের চেষ্টা : প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২০, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২১, ২৭ নভেম্বর ২০২৬

বরফকল খেলার মাঠে মেলার আয়োজনের চেষ্টা : প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ঐতিহ্যবাহী বরফকল খেলার মাঠে মাসব্যাপী বস্ত্র মেলার আয়োজনের উদ্যোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। মাঠে মেলার প্যান্ডেল নির্মাণের প্রস্তুতি শুরু হলে এর প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয় খেলোয়াড়, সাবেক খেলোয়াড় ও এলাকাবাসী।

শুক্রবার সকালে তাঁরা চাষাঢ়া-আদমজী আঞ্চলিক সড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

স্থানীয় খেলোয়াড় ও এলাকাবাসীর অভিযোগ, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই খেলার মাঠটি দীর্ঘদিন ধরেই সংকুচিত হয়ে পড়েছে। কন্টেইনার পোর্ট নির্মাণের বিভিন্ন সামগ্রী মাঠে রেখে মাঠের বড় একটি অংশ ব্যবহারের অনুপযোগী করে ফেলা হয়েছে। এর মধ্যে নতুন করে মাসব্যাপী বস্ত্র মেলার আয়োজনের জন্য বিপুল পরিমাণ বাঁশ এনে প্যান্ডেল নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

তাঁদের দাবি, মেলা আয়োজনের অনুমতিপত্র দেখতে চাওয়া হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা তা দেখাতে পারেননি। পরে মেলার জন্য ট্রাকে করে আনা বিভিন্ন সরঞ্জাম মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়।

খেলোয়াড়েরা বলেন, খানপুর ও আশপাশের এলাকায় খেলার জন্য এই মাঠটিই অন্যতম ভরসা। দূরদূরান্ত থেকে শিশু-কিশোর ও তরুণেরা এখানে খেলতে আসেন। মাঠের জায়গা সংকুচিত হওয়ায় এমনিতেই খেলাধুলার সুযোগ কমে গেছে। এর ওপর মাসব্যাপী মেলা আয়োজন করা হলে মাঠের স্বাভাবিক পরিবেশ ও খেলাধুলার সুযোগ আরও ক্ষতিগ্রস্ত হবে।

তাঁদের ভাষ্য, একদিকে সরকার ও প্রশাসন কিশোর-তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরির কথা বলছে, অন্যদিকে খেলার মাঠে বাণিজ্যিক আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এলাকাবাসী জানান, শহরে খেলার মাঠের সংখ্যা এমনিতেই সীমিত। বরফকল মাঠটি শুধু একটি নির্দিষ্ট এলাকার নয়, আশপাশের বিভিন্ন এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম স্থান। তাই মাঠটিকে বাণিজ্যিক কাজে ব্যবহার না করে খেলাধুলার উপযোগী করে সংরক্ষণের দাবি জানিয়েছেন তাঁরা।

খেলার মাঠের মতো জনস্বার্থসংশ্লিষ্ট জায়গায় মেলা বা অন্য কোনো বাণিজ্যিক আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, জনস্বার্থ এবং মাঠের ব্যবহারযোগ্যতা বিবেচনা করা জরুরি। এ ঘটনায় মেলার অনুমতি দেওয়া হয়েছিল কি না, মাঠের মালিকানা ও ব্যবস্থাপনার দায়িত্ব কার, তা স্পষ্ট করার দাবি উঠেছে।

স্থানীয়দের প্রত্যাশা, সাময়িকভাবে মেলার সরঞ্জাম সরিয়ে দেওয়ার মধ্যেই যেন বিষয়টির নিষ্পত্তি না হয়। বরং বরফকল মাঠকে স্থায়ীভাবে খেলাধুলার জন্য সংরক্ষণে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন