নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

কোর্ট বিভক্ত করার ষড়যন্ত্র আইনজীবীরা মেনে নিবেন না : আনোয়ার প্রধান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৪, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:১৪, ২০ আগস্ট ২০২৬

কোর্ট বিভক্ত করার ষড়যন্ত্র আইনজীবীরা মেনে নিবেন না : আনোয়ার প্রধান

নারায়ণগঞ্জের বর্তমান আদালত পাড়া থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট, নির্বাহী কোর্ট এবং জর্জ কোর্টকে কোন অবস্থাতেই বিচ্ছিন্ন করা যাবে না বলে হুশিয়ার করে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধান।

কেউ যদি এই হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে নিজেকে বিতর্কিত করতে চায়, তাহলে নারায়ণগঞ্জের বিজ্ঞ আইনজীবীগণ তার মূল্যায়ন করবেন বলে সতর্ক করে দেন তিনি। 

বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুুপুরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 
আনোয়ার প্রধান বলেন, নারায়ণগঞ্জের কতিপয় আইনজীবী বলেছেন, কিছু কিছু কোর্ট স্থানান্তর করা হবে। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত সরকারের কোন আদেশ, নির্দেশনা বা প্রজ্ঞাপন পাইনি।

তবে জানতে পেরেছি নারায়ণগঞ্জের কতিপয় আইনজীবী বলেছেন, কিছু কিছু কোর্ট স্থানান্তর করা হবে। আমি আমার পরিষদসহ এখানকার সকল আইনজীবী মনে করি যে, নারায়ণগঞ্জের এই আদালত চত্বর থেকে কোন মামলা কিংবা কোন কোর্ট ওই জায়গায় যাবে না। কোর্ট যদি স্থানান্তর করতেই হয় তাহলে সব কোর্ট একসাথেই স্থানান্তর করতে হবে।

তিনি আরো বলেন, ম্যাজিস্ট্রেট কোর্ট, নির্বাহী কোর্ট এবং জর্জ কোর্ট এই তিনটি কোর্টই এখানে অবস্থান করছে। আমরা আইনজীবীরা কেউই চাইনা যে এই তিনটি কোর্টের একটি কোর্টও অন্য জায়গায় স্থানান্তরিত হোক। এগুলো সব একই সাথে একই দিনে স্থানান্তরিত হলে আমরা সবাই প্রস্তুত আছি। 

আমি নারায়ণগঞ্জের সকল আইনজীবীর পক্ষ থেকে ব্যর্থহীন ভাবে বলতে চাই যে এই বিষয় যদি এই ধরণের হীন চক্রান্ত করা হয় তাহলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোন সদস্যই তা মেনে নিবে না।

তিনি বলেন, সরকার এই ধরণের কোন সিদ্ধান্ত নিলে অবশ্যই আমাদের সাথে আলোচনা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তৎকালীন আইন উপদেষ্টা এবং তখনকার এটর্নি জেনারেল (বর্তমান আইনমন্ত্রী) তারা যখন নারায়ণগঞ্জে এসেছিলেন তখন আমাকে ডেকে নিয়ে ওনারা বলে বলেছিলেন যে, একটি কোর্ট অন্ততপক্ষে ওইখানে স্থানান্তরিত করা হোক। 

আমি তখন ওনাদের জানিয়েছিলাম যে আমাদের আইনজীবীরা তা মানেন না, তখন ওনারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে জানিয়েছিলেন যে, ঠিক আছে এখানেই থাকুক। তবে আপনারা আমাদের প্রস্তাবনা দাখিল করুন। 

বিকল্প প্রস্তাবনা হিসেবে সার্কিট হাউজ, সিভিল সার্জেন্ট অফিস এবং পুলিশ সুপারের অফিসের জায়গার প্রস্তাবনা দিয়েছিলেন উল্লেখ করে আনোয়ার প্রধান বলেন, এই লক্ষ্যে বর্তমান আইনমন্ত্রীও তৎকালীন আইন উপদেষ্টার সাথে তখন এই জায়গাগুলো পরিদর্শন করেছিলেন। আমরা তাদের এখানে কোর্ট থাকার যুক্তিযুক্ত কারণ বুঝাতে সক্ষম হয়েছিলাম। 

আমরা আরও জানিয়েছিলাম যে কোর্টগুলো যদি একসাথে নেওয়া সম্ভব হয় তাহলে আমরা যেতে রাজি আছি। কিন্তু এসব কোর্ট আলাদা জায়গা থাকবে এটা আইনজীবীরা মানেন না। এই ধরণের হটকারী কোন সিদ্ধান্ত দেওয়া হলে আইনজীবীরা তাদের গণতান্ত্রিক অধিকার বলে প্রতিবাদ করবেন বলে তিনি সাবধান করে দেন।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন