নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বিচারক ও আইনজীবীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে : বিচারপতি হাসান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৫, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিচারক ও আইনজীবীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে : বিচারপতি হাসান

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান বলেছেন, নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্যিক এলাকা। দেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ভৌগোলিক অবস্থান ও বাণিজ্যিক গুরুত্বের কারণে এখানে জনসংখ্যার পাশাপাশি মামলা-মোকদ্দমার সংখ্যাও বেশি। ফলে দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বার ভবনের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির অংশ হিসেবে ঢাকা বিভাগের আদালতগুলোর বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছি। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ আদালতের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণে এসেছি।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ বার অত্যন্ত সমৃদ্ধ। এখানকার অনেক আইনজীবী নিয়মিত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন। সুপ্রিম কোর্টের ১৩টি মনিটরিং কমিটির মধ্যে তিনি ঢাকা বিভাগের সাতটি জেলার দায়িত্বে রয়েছেন।

তাঁর মূল দায়িত্ব হলো বিচারাধীন মামলার অগ্রগতি পর্যালোচনা, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া এবং বিচারিক কার্যক্রমে বিদ্যমান বাধা-বিপত্তি চিহ্নিত করা। নারায়ণগঞ্জের আইনজীবীরা মামলার গতি বাড়াতে যেভাবে তাগিদ ও আন্তরিকতা দেখাচ্ছেন, তা আশাব্যঞ্জক বলেও উল্লেখ করেন তিনি।

আদালতের বিচারক ও স্টাফ সংকট প্রসঙ্গে বিচারপতি জে.বি.এম. হাসান বলেন, এসব সংকটের বিষয়টি তাঁদের জানা রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা চালু করায় বর্তমানে একটি পরিবর্তনকালীন সময় চলছে। এ কারণে সহায়ক কর্মচারী নিয়োগে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে দ্রুতই বিচারক ও স্টাফ সংকট কাটিয়ে বিচারিক কার্যক্রমের গতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

আদালতের কক্ষ ও অবকাঠামোগত সংকট নিয়েও কথা বলেন বিচারপতি জে.বি.এম. হাসান বলেন, অনেক বিচারককে গ্যারেজ কিংবা ডিসি অফিসের বারান্দায় বসেও বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। বিচারক ও আইনজীবীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে এসব সমস্যার সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, বার ও বেঞ্চের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জের আইন অঙ্গনের বিভিন্ন সংকট সমাধান করা সম্ভব।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ আদালতের বিচারকগণ এবং আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন