শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৪, ২১ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান বলেছেন, নারায়ণগঞ্জের আইনজীবীরা জন্ম থেকেই জ্বলছি। আমাদের আদালত ভবন একসাথে রাখার জন্য আন্দোলন করতে হচ্ছে।
বিগত সরকারের আমলে ঘনবসতিপূর্ণ কালির বাজার এলাকায় শত কোটি টাকা খরচ করে একটি ম্যাজিস্ট্রেট ভবন তৈরি করা হয়েছে অথচ আমরা জানি না এটা কার অনুমতি নিয়ে, কার সাথে আলাপ আলোচনা করে এই ভবন তৈরি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসানের সাথে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের মতবিনিময় সভায় বার সেক্রেটারি অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান এসব কথা বলেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বার ভবনের নিচতলায় এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, আমাদের আদালতে ম্যাজিস্ট্রেট সংকট রয়েছে। পর্যাপ্ত পরিমাণ ম্যাজিস্ট্রেট না থাকায় বিচার কার্য বিঘ্নিত হচ্ছে। তাছাড়া আমাদের এই নারায়ণগঞ্জ আদালত ম্যাজিস্ট্রেটদের জন্য ট্রেনিং সেন্টারে পরিণত হয়েছে। এখানে একেক জন ম্যাজিস্ট্রেট আসেন এবং কিছুদিন কাজ করার পরেই আবার অন্যত্র চলে যান। আমরা চাই এই ট্রেনিং সেন্টার বন্ধ হোক, দীর্ঘ মেয়াদের জন্য আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হোক।
দুই কোড একত্রে রাখার বিষয়ে অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের দুই কোর্ট একত্রে রাখতে হবে এবং এখানেই রাখতে হবে। কালির বাজার যেতে হলে চাষাঢ়া পার হয়ে যেতে হয়, যেখানে যানজটে নিত্য ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।
একজন অসুস্থ রোগী চাষাঢ়া পার হয়ে হাসপাতালে নিতে হলে এক দেড় ঘন্টা সময় লেগে যায় সেখানে কালির বাজারে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থানান্তর করা হলে প্রতিদিন কয়েকশো গাড়ি শহরে আরো বাড়তি প্রবেশ করবে এবং কয়েক হাজার মানুষের যাতায়াত বেড়ে যাবে।
এতে করে নারায়ণগঞ্জবাসীর ভোগান্তি কয়েকগুণ বেড়ে যাবে। তাই দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের সকল আইনজীবীর একটাই দাবি আর তা হলো সকল কোর্ট একসাথে এবং এখানেই রাখার ব্যবস্থা করতে হবে। এজন্য বিচারপতি মহোদয়ের মাধ্যমে আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।