শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৫৪, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:১০, ১৮ আগস্ট ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ করেছেন সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল আমিন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার কাঁচপুরের সেনপাড়া ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে আল আমিন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। এসব অপপ্রচার আমি প্রতিহত করব। আমার প্রতিপক্ষ বন্ধুরা, প্রতিহিংসাবশত আমাকে আওয়ামী দোসর বলতে চায়। আমি তাদের হুশিয়ার করে বলতে চাই, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী। আওয়ামী দোসর বলে ট্যাগ দিয়ে এই কাফেলা রুখে দিতে পারবেন না।
তিনি বলেন, আমি এই ট্যাগের রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে বলতে চাই যদি আপনারা এগুলো পরিহার না করেন জনগণ এগুলো প্রতিহত করবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষ চাঁদাবাজ, ভূমিদস্যু ও দখলবাজমুক্ত পরিবেশ চায়। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে কাঁচপুরের উন্নয়নে কাজ করব। জনগণের যে অধিকার, যতটুকু হক, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।
এ সময় তিনি কাঁচপুরের উন্নয়ন, জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী উত্তরের কর্মপরিষদ সদস্য ও কাঁচপুর ইউনিয়ন জামায়াতের তদারককারী মাওলানা এনায়েত হোসেন, কাঁচপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শফিউল্লাহ, কাঁচপুর ইউনিয়ন জামায়াতের তরবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা আশিকুর রহমান হুজাইফি প্রমুখ।