নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হবেন বিল্লাল চেয়ারম্যানের মেয়ে বিউটি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হবেন বিল্লাল চেয়ারম্যানের মেয়ে বিউটি

সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা বিউটি আক্তার। তিনি সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের একমাত্র মেয়ে।

বিউটি আক্তার দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

পারিবারিকভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত বিউটি আক্তার। তাঁর বাবা বিল্লাল হোসেন সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুর পর পরিবারের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন বিউটি আক্তার।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিউটি আক্তারের প্রার্থী হওয়ার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। 
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সাজালেরকান্দি গ্রামের সুরুজ মিয়া বলেন, “বিউটি আক্তার নির্বাচন করবেন শুনে খুব ভালো লাগছে। আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

ফতেপুর গ্রামের নাসির উদ্দীন বলেন, “তিনি একজন শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বড় ছেলে বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছে এবং ছোট ছেলে হাফেজ।”

বিউটি আক্তারের স্বামী ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলেহউদ্দিন বলেন, “বিউটি আক্তার একজন সাবেক চেয়ারম্যানের সন্তান। তিনি তাঁর পিতার আদর্শকে ধারণ করে রাজনীতি করছেন। এলাকাবাসীর অনুরোধেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে বিউটি আক্তার বলেন, “আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই আমার লক্ষ্য। সনমান্দী ইউনিয়নের মানুষের সেবা করতে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ, জনগণের সমর্থন নিয়েই এগিয়ে যাব।”

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন