নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা

জাহাঙ্গীর হোসেন

প্রকাশ: ১৯:৪৫, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:০০, ১৬ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা

নারায়ণগঞ্জে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম ও  মোঃ হাসিনুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ক- সার্কেল, নারায়ণগঞ্জ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “হাম ও রুবেলা নির্মূলে টিকাদান ক্যাম্পেইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। সুস্থ ও সবল আগামী প্রজন্ম গড়তে এই টিকার কোনো বিকল্প নেই। জেলার একটি শিশুও যেন এই টিকার আওতার বাইরে না থাকে, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।” তিনি এ সময় টিকাদান কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান ক্যাম্পেইনের বিস্তারিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য বিভাগের সকল ইউনিট কাজ করে যাচ্ছে। প্রতিটি শিশু যাতে টিকার আওতায় আসে তা নিশ্চিত করতে নিবিড় তদারকি করা হবে।

সভায় স্বাস্থ্য বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা টিকার গুরুত্ব আলোচনা করেন এবং এই জাতীয় কর্মসূচি সফল করতে সমাজের সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক’র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন করেন এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা.মোর্শেদুল ইসলাম খান।  

এডভোকেসী সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন