শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৫০, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৫১, ১২ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, কিডনি রোগীদের স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে ডায়ালাইসিস সেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে ১৫ শয্যায় পরিচালিত এনসিসি-এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টারকে সম্প্রসারণের পাশাপাশি শহরের প্রাণকেন্দ্র বিনোদন সুপার মার্কেটে আরও ৪০টি ডায়ালাইসিস বেড স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাংলাদেশে কিডনি রোগ বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ রোগের প্রকোপ দিন দিন বাড়ছে। তাই কিডনি রোগীদের সহজলভ্য ও স্বল্প খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ করা জরুরি।
বুধবার (১২ আগস্ট) দুপুরে শহরের পশ্চিম দেওভোগে এনসিসি-এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন ও রোগীদের খোঁজখবর নেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সোনার বাংলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বর্তমানে ১৫ শয্যার ডায়ালাইসিস সেন্টারটি পরিচালিত হচ্ছে। এখান থেকে কিডনি রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা পাচ্ছেন। নামমাত্র খরচে সেবা দেওয়ার পাশাপাশি অনেক রোগীকে বিনামূল্যেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, কিডনি রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে বিদ্যমান সেবার পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিনোদন সুপার মার্কেটে আরও ৪০টি ডায়ালাইসিস বেড স্থাপনের উপযোগী দুটি উন্নতমানের স্পেস প্রস্তুত করা হয়েছে। এসব স্থান বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার সুযোগ থাকলেও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সোনার বাংলা ফাউন্ডেশনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাসিক প্রশাসক আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সেখানে প্রয়োজনীয় ডায়ালাইসিস মেশিন স্থাপন করে সেবা সম্প্রসারণ করা সম্ভব হবে। এ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন দাতা সংস্থা ও বিদেশে অবস্থানরত ব্যক্তিরা সহযোগিতা করছেন। তাদের সহায়তায় ইতোমধ্যে অনেক কিডনি রোগীর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, এই ডায়ালাইসিস সেবা শুধু নারায়ণগঞ্জের মানুষের জন্য নয়। পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী, মানিকগঞ্জ ও শরীয়তপুরসহ বিভিন্ন জেলা থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন। এখানে রোগীদের মধ্যে কোনো বৈষম্য না করে সবার জন্য সমানভাবে সেবা নিশ্চিত করা হচ্ছে।
সাখাওয়াত হোসেন খান বলেন, সোনার বাংলা ফাউন্ডেশন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বেশি কিডনি রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা অর্জন করবে। তবে সেবা সম্প্রসারণে বিপুল অর্থের প্রয়োজন।
তাই সমাজের সর্বস্তরের মানুষ, দাতা সংস্থা ও প্রবাসীদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করে কিডনি রোগীদের জন্য আরও উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ সংশ্লিষ্টরা।