শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:৩১, ৬ জুন ২০২৬
বিশ্ব পরিবেশ দিবস'২৬ উপলক্ষে এডাব নারায়ণগঞ্জ জেলা ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং গ্রীণ ফর পীস, ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার সহযোগিতায় এক আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি প্রভাত সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৫ জুন ) বিকেল সাড়ে পাঁচটায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। অপরিকল্পিত নগরায়ণ, বন উজাড়, প্লাস্টিক দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ আজ হুমকির মুখে। এসব সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, শুধু একটি দিবস পালনের মধ্যেই পরিবেশ রক্ষার দায়িত্ব সীমাবদ্ধ নয়। প্রতিদিনের জীবনে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ করা এবং বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এডাব নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যাণ প্রদীপ কুমার দাস। বক্তব্য রাখেন রিচার্ড সৌরভ দেউরী, অরুন দেবনাথ, মোঃ কামরুজ্জামান রনি, মোঃ নুরুল আলম জয়, সুজন চন্দ্র দাস,হরি সাহাসহ নেতৃবৃন্দ।
এসময় বিভিন্ন সমাজসেবক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি প্রদীপ কুমার দাস তার বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। একটি সবুজ, সুন্দর ও দূষণমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
শেষে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।