শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৫, ২২ আগস্ট ২০২৬
সোনারগাঁয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সহোদর এবং দুই উপজেলা বিএনপি নেতার দ্বন্দ্বের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃতরা হলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। এরা দুইজন সহোদর ভাই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দলীয় পদ-পদবি ব্যবহার করে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্দেশক্রমে তাদের বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তারা ভবিষ্যতে দলীয় পদ-পদবি ব্যবহার করে কিংবা কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
গত বেশ কয়েকদিন যাবত এই সহোদরের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাংচুর এবং লুটপাটের বিষয়ে সংবাদপত্রে সংবাদ প্রকাশ হচ্ছে। যা শুধু স্থানীয়ভাবেই নয় পুরো জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।
ঘটনার তিন দিন পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলের সুনাম ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।