নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বিএনপি ও অঙ্গসংগঠন : সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২৮, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২৯, ১১ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বিএনপি ও অঙ্গসংগঠন : সাখাওয়াত

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ মহানগরের ৭০টি পূজামণ্ডপে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

‎‎তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক পোস্টের মাধ্যমে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও প্রতিহিংসা সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো উসকানিতে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

‎‎রবিবার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করা, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

‎‎এড. সাখাওয়াত হোসেন খান বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান কর্তব্য। এ দায়িত্ব পালনে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করবে।

‎‎তিনি জানান, মহানগরের ২৭টি পূজামণ্ডপে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কিশোর দলের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে যুবদল সাতটি, ছাত্রদল সাতটি, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল পাঁচটি করে এবং কিশোর দল তিনটি মণ্ডপের দায়িত্ব নেবে। এ ছাড়া আইনজীবী দলের নেতাকর্মীরা একটি মণ্ডপে দায়িত্ব পালন করবেন। বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাকি মণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবেন।

‎‎তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে। গত বছরের তুলনায় এবার আরও সুন্দরভাবে পূজা উদযাপনে সহায়তা করার চেষ্টা করা হবে।

‎‎দলীয় নেতাকর্মীদের সতর্ক করে সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমানে দলের নেতাকর্মীদের আরও বেশি ধৈর্যশীল হতে হবে। কোনো ধরনের অপকর্ম, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানো যাবে না। দলের ঐক্য বজায় রাখতে হবে। যারা দলের ঐক্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

‎‎তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াতে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎‎ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের কর্মসূচি তুলে ধরে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী ৭ নভেম্বর দিবসটি যথাযোগ্য গুরুত্বের সঙ্গে পালন করা হবে। এ উপলক্ষে ওই দিন বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জের ডিআইটি এলাকা থেকে বিশাল র‌্যালি বের করা হবে। র‌্যালিটি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। এতে মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।

‎ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ। এ নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলকে বিজয়ী করতে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

‎তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা সংশ্লিষ্ট ব্যক্তিরা বিনামূল্যে ফরম সংগ্রহ করে সদস্য হওয়ার সুযোগ পাবেন বলে তিনি উল্লেখ করেন। তিনি সবাইকে সদস্য হয়ে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, মাকিত মোস্তাকিম শিপলু, হুমায়ূন কবির, কামরুল হাসান চুন্নু সাউদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরের সভাপতি বিষ্ণপদক সাহা, সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস,বাপ্পী রায় চৌধুরী, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলী, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাধীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন