নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

‎‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডা. মজিবুর রহমানের

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২৩, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২৪, ১১ অক্টোবর ২০২৬

‎‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডা. মজিবুর রহমানের

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডা. মজিবুর রহমান বলেছেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। আমরা বিশ্বাস করি, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। সব ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করে শারদীয় দুর্গাপূজার উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এ জন্য সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে।”

‎‎আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করা, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‎‎রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

‎‎ডা. মজিবুর রহমান আরও বলেন, “বর্তমানে আমাদের সামনে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার সুযোগ রয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে পালনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সব কার্যক্রমে ঐক্যবদ্ধ। প্রতিটি কর্মসূচি সুন্দর, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে বাস্তবায়ন করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

‎‎তিনি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমেই সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব।

‎‎তিনি আরও বলেন, “এড. সাখাওয়াত হোসেন খান ও এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে আমরা আগেও বলেছি, একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। এখনো সেই প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারব।”

‎‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, মাকিত মোস্তাকিম শিপলু, হুমায়ূন কবির, কামরুল হাসান চুন্নু সাউদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরের সভাপতি বিষ্ণপদক সাহা, সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস,বাপ্পী রায় চৌধুরী, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলী, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাধীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন