নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সবার আগে বাংলাদেশ, আমরা বলি সবার আগে নারায়ণগঞ্জ : রেজা রিপন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৩৪, ১১ অক্টোবর ২০২৬

সবার আগে বাংলাদেশ, আমরা বলি সবার আগে নারায়ণগঞ্জ : রেজা রিপন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’। আর আমরা বলি, ‘সবার আগে নারায়ণগঞ্জ’। নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ও মুসলিম সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে একসঙ্গে, পাশাপাশি বসবাস করে আসছেন। 

সনাতন ধর্মাবলম্বীরা আমাদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন, আমরাও তাদের পূজামণ্ডপে গিয়েছি। আমাদের মধ্যে দীর্ঘদিনের আত্মীয়তার বন্ধন রয়েছে। মাসদাইরে মুসলমানদের কবরস্থান, হিন্দুদের শ্মশান ও খ্রিষ্টানদের কবরস্থান পাশাপাশি অবস্থিত। বাংলাদেশের অন্য কোথাও এমন ইতিহাস রয়েছে কি না, তা আমার জানা নেই।

‎‎রবিবার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‎‎আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করা, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

‎‎রেজা রিপন বলেন, তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই; এ দেশের সবাই বাংলাদেশি। এই পরিচয়েই আমরা গর্বিত। ‘সংখ্যালঘু’ শব্দটি ব্যবহার করা হলে আমাদের খারাপ লাগে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং সবার অধিকার সমান।

‎‎তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় না থাকলেও সনাতন ধর্মাবলম্বী ভাইদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের দুঃখ-দুর্দশায় সহযোগিতা করার চেষ্টা করেছে। এখন সরকার পরিচালনার দায়িত্বে থাকায় তাদের প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়েছে।

‎‎আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৭টি ওয়ার্ড ও সাতটি ইউনিটে যেসব পূজামণ্ডপ রয়েছে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কমিটি গঠন করা হবে। পূজামণ্ডপগুলোতে নিরাপদ ও নির্বিঘ্নে উৎসব উদযাপনের পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব মহানগর বিএনপি নিয়েছে।

‎‎তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে উৎসবের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে তা প্রতিহত করতে হবে। বিএনপির কোনো নেতাকর্মী কিংবা অন্য কেউ এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

‎‎সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে রেজা রিপন বলেন, গত ১৭ বছরে আপনাদের ব্যবহার করে আপনাদের ওপরই সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে বলে আমরা মনে করি। তাই সবাইকে সচেতন থাকতে হবে, যাতে কোনো মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে।

‎‎ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ভোট দিয়েছেন, সেখানে জাতীয়তাবাদী দল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এর মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপির সম্প্রীতি ও পারস্পরিক আস্থার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

‎‎আসন্ন দুর্গাপূজায় বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে উৎসব উদযাপনে সহযোগিতা করবেন উল্লেখ করে তিনি বলেন, প্রতিমা বিসর্জনের ঘাট পর্যন্ত নেতাকর্মীরা পাশে থাকবেন। অতীতের তুলনায় আরও বৃহৎ পরিসরে দুর্গাপূজা উদযাপনে মহানগর বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, মাকিত মোস্তাকিম শিপলু, হুমায়ূন কবির, কামরুল হাসান চুন্নু সাউদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরের সভাপতি বিষ্ণপদক সাহা, সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস,বাপ্পী রায় চৌধুরী, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলী, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাধীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
‎‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন