শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:১৩, ৩১ আগস্ট ২০২৬
‘ঐক্য বজায় না রাখলে গুপ্ত সংগঠনগুলো সুযোগ নেবে’ মন্তব্য করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও সিটি করপোরেশন প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আগামী পরশু ১লা সেপ্টেম্বর হোসিয়ারী সমিতির সামনে আমাদের প্রতিটি থানা, ইউনিয়ন, ওয়ার্ড এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ মিছিল নিয়ে অংশগ্রহণ করবেন। আমাদের মধ্যে অবশ্যই ঐক্য থাকতে হবে। ঐক্য না থাকলে এই গুপ্ত সংগঠনগুলো সুযোগ নেবে।”
রবিবার (৩০ আগস্ট) বিকেলে শহরের চাষাঢ়া মিশনপাড়াস্থ হোসিয়ারী সমিতির ভবনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আগামী ১লা সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা সবাই বিএনপিকে এবং জিয়াউর রহমানকে মনে-প্রাণে ভালোবাসি। আমাদের দল সম্পর্কে কিছু গুপ্ত সংগঠন বিভিন্ন ধরনের অভিযোগ বা ক্লেইম দিচ্ছে, সেগুলোর বিষয়ে আপনাদের সচেষ্ট থাকতে হবে।”
তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান বলেন, “আমাদের নেতা জনাব তারেক রহমান যে ভালো কাজগুলো শুরু করেছেন, তার প্রতি বাংলাদেশের মানুষের অনেক আস্থা এবং তারা তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। অথচ তাকে বিতর্কিত করার জন্য দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।”
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. হুমায়ুন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, এবং মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।