শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৩১, ৩১ আগস্ট ২০২৬
আমরা সকল বিভেদ ভুলে একসাথে কাজ করতে চাই’-উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নবগঠিত নারায়ণগঞ্জক জেলা কমিটির সদস্য সচিব মাওলানা মনোয়ার হোসাইন বলেছেন,
“উপমহাদেশে ইংরেজবিরোধী আন্দোলন থেকে শুরু করে যেকোনো ধরনের ইসলাম ও নীতিবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জমিয়তে উলামায়ে ইসলাম সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নারায়ণগঞ্জের মাটিতে দলীয় কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করতে আমরা সকল বিভেদ ভুলে একসাথে কাজ করতে চাই।”
সোমবার (৩১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের জামতলাস্থ ‘হীরা ড্রাগন প্যালেস’-এ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নবগঠিত জেলা ও মহানগর কমিটির পরিচিতি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মনোয়ার হোসাইন বলেন, “বিভিন্ন সময় এবং সম্প্রতি ৫ তারিখের পরেও অনেক সাংবাদিক ভাই নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আগামীতে যদি কোনো সাংবাদিক ভাই অন্যায়ভাবে নির্যাতিত বা নিগৃহীত হন, তবে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিটি কর্মী তাঁদের পাশে থাকবে।”
তিনি আরও জানান, নবগঠিত মহানগরের দায়িত্বশীলদের অতি দ্রুত প্রতিটি ওয়ার্ড কমিটি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে।
কেন্দ্র ঘোষিত জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির দায়িত্বশীল ও সদস্যবৃন্দের পরিচয় তুলে ধরার মধ্য দিয়ে পরিচিতি সভাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে জেলা ও মহানগরের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।