শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল রোববার রাজধানী ঢাকায় কার্যাক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির আহ্বানকে কেন্দ্র করে রাজধানী ঘেঁষা শিল্পনগরী নারায়ণগঞ্জে তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সারা দেশের মতো নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মনেও দেখা দিয়েছে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ও আতঙ্ক।
দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার, রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় প্রধান শেখ হাসিনাসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে।
সম্প্রতি দলটির একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লকডাউনে জনজীবন অচল করে দেওয়ার জন্য ঢাকাবাসীদের প্রতি আহ্বান জানানো হয়। এর প্রভাব এসে পড়েছে পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জেও।
স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গত কিছুদিন ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ করে ঝটিকা মিছিল বের করে রাজপথে উপস্থিতি জানান দিচ্ছে। এসব মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী পুলিশের হাতে গ্রেপ্তার হলেও পুরোপুরি থামানো যাচ্ছে না তাদের তৎপরতা।
এতে করে সাধারণ সচেতন মহল মনে করছেন, বড় কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নিয়েই দলটি এগোচ্ছে, যা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হতে পারে।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, “আমরা আশা করছি না যে নারায়ণগঞ্জে বড় ধরনের কোনো অঘটন ঘটবে, তবে আশঙ্কার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঢাকা ও নারায়ণগঞ্জের দূরত্ব খুবই কম। তাই রাজধানীর সুরক্ষার পাশাপাশি নারায়ণগঞ্জেও নিñিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা জরুরি।”
তারা আরও জানান, স্থানীয় মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সে জন্য প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাধারণ নাগরিকরা প্রয়োজনে নিরাপত্তা রক্ষায় পুলিশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এই হুমকিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া হচ্ছে না। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে এবং আগাম তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে।
অন্যদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও লকডাউন আহ্বানের প্রতিবাদে নারায়ণগঞ্জ রাজপথে সরব রয়েছে বিএনপি। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ১২ ও ১৭ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরের মিশনপাড়া এলাকা থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২নং রেলগেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রতিটি পাড়া-মহল্লায় আপনারা মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানগুলো পাহারা দেবেন। আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের নেতাকর্মীদের কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখা গেলে সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সব মিলিয়ে আগামীকাল রোববারের কেন্দ্রঘোষিত ‘লকডাউন’কে ঘিরে একদিকে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠা, অন্যদিকে প্রশাসন ও রাজপথের বিরোধী শক্তির কঠোর অবস্থানে নারায়ণগঞ্জজুড়ে বিরাজ করছে থমথমে আমেজ।