নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

শিক্ষার নামে এই বাণিজ্য বন্ধ করুন - তাহমিদ আনোয়ার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:০৯, ২৩ নভেম্বর ২০২৬

শিক্ষার নামে এই বাণিজ্য বন্ধ করুন - তাহমিদ আনোয়ার

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার এক বিবৃতিতে বলেন: স্কুল-কলেজে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রধান দায়িত্ব।

অথচ অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণিকক্ষে যথাযথ পাঠদান হচ্ছে না। শ্রেণিকক্ষে পাঠদানের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজেরাই আলাদা ব্যাচ কিংবা অতিরিক্ত ক্লাসের আয়োজন করছে এবং এর নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে।

আমার প্রশ্ন, একজন শিক্ষার্থী যখন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয় এবং নিয়মিত বেতনসহ অন্যান্য নির্ধারিত ফি পরিশোধ করে, তখন তার পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা নিশ্চিত করার দায়িত্ব কার? শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান নিশ্চিত করতে না পারার দায় কেন শিক্ষার্থীদের নিতে হবে? প্রতিষ্ঠানের নিজস্ব দায়িত্ব ও ব্যর্থতার বোঝা শিক্ষার্থীদের কাঁধে চাপিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের এই প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

শিক্ষাপ্রতিষ্ঠান কি এখন শিক্ষা প্রদানের পরিবর্তে ব্যাচ পরিচালনা ও অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিষ্ঠানে পরিণত হবে? নিয়মিত ক্লাসে পাঠদান যথাযথভাবে না করে শিক্ষার্থীদের আলাদা ব্যাচে যেতে বাধ্য করার পরিস্থিতি তৈরি করা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। একই পাঠ্যক্রমের শিক্ষা গ্রহণের জন্য একজন শিক্ষার্থীকে কেন বারবার অর্থ ব্যয় করতে হবে?

আমরা মনে করি, শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তাকে পুঁজি করে অতিরিক্ত অর্থ আদায়ের এই প্রবণতা শিক্ষার বাণিজ্যিকীকরণেরই বহিঃপ্রকাশ। এর ফলে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা সরাসরি বৈষম্যের শিকার হচ্ছে।

যাদের পরিবারের পক্ষে অতিরিক্ত অর্থ ব্যয় করা সম্ভব নয়, তাদের শিক্ষাজীবনও অনিশ্চয়তার মুখে পড়ছে। শিক্ষা যদি অর্থের সক্ষমতার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে শিক্ষার সমান অধিকার প্রতিষ্ঠার কথা কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে।

শিক্ষার্থীদের দুর্বলতা, অভিভাবকদের অসহায়ত্ব এবং নিয়মিত পাঠদানের ঘাটতিকে অতিরিক্ত আয়ের সুযোগ হিসেবে ব্যবহার করার মানসিকতা পরিত্যাগ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নয় এবং শিক্ষার্থীরা কোনো আয়ের উৎস নয়।

নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করতে ব্যর্থ হয়ে আলাদা ব্যাচের নামে অতিরিক্ত অর্থ আদায়ের এই চর্চা শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ববোধ ও শিক্ষার উদ্দেশ্য উভয়কেই প্রশ্নের মুখে দাঁড় করায়।

 স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয় শিক্ষা গ্রহণের জন্য, একই শিক্ষা বারবার কিনতে নয়। শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করা প্রতিষ্ঠানের দায়িত্ব; সেই দায়িত্ব পালনে ব্যর্থতার আর্থিক দায় কোনোভাবেই শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া যায় না।
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন