শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২৯, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩১, ২৪ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে গাড়ি ও মোটরসাইকেল শোডাউন করেছে মহানগর যুবদল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মোটরসাইকেল ও বেশ কয়েকটি গাড়ি অংশ নেয়।
শহরের কিল্লারপুল এলাকা থেকে শোডাউনটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে চাষাড়া, লিংক রোড, শিবু মার্কেট, চানমারি নতুন রাস্তা, হাজীগঞ্জ মোড় হয়ে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি, সিদ্ধিরগঞ্জ পুল এবং কদমতলী এলাকায় গিয়ে কর্মসূচিটি শেষ হয়।
এ সময় যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি যেকোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, গার্মেন্টসহ এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা যাতে জনজীবনে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা মহানগর যুবদল সতর্ক রয়েছি।
এদিকে আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে যুবদলের নেতাকর্মীদের মোটরসাইকেল নিয়ে অবস্থান ও তৎপরতা চালাতে দেখা যায়।
কর্মসূচিকে ঘিরে এসব এলাকায় যুবদলের নেতাকর্মীরা সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, আহ্বায়ক কমিটি সদস্য আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, আরমান হোসেন, মিনহাজ মিঠু, আলী ইমরান শামীম, সাইফুল ইসলাম আপন, হাবিবুর রহমান মাসুদ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ।