নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ

সিদ্ধিরগঞ্জে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মাহবুবকে কারণ দর্শানোর নোটিশ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১০, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১১, ২৫ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মাহবুবকে কারণ দর্শানোর নোটিশ

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক মাহাবুব হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

‎‎বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক নোটশিে এ তথ্য জানানো হয়।

‎‎কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল আবাসিক এলাকায় গত ২৪ নভেম্বর ভোর রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী একাধিক বসতঘরে হামলা চালায় এবং খননযন্ত্রের মাধ্যমে ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীদের দায়ের করা মামলায় মাহাবুব হোসেনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

‎‎নোটিশে আরও বলা হয়, ওই ঘটনার পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে মাহাবুব হোসেনের সম্পৃক্ততার বিষয়ে সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা রয়েছে। এসব অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

‎‎এ কারণে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তার লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের কাছে দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন