শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৫১, ৬ মার্চ ২০২৬ | আপডেট: ০০:২৩, ৭ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার একটি ভবনে থাকা ঝুটের গোডাউনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির ও ভাড়াটিয়া লিটন আহত হয়েছেন। তাদের মধ্যে তদের মধ্যে শিপন ও ছগিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ইফতারের পর দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় ঝুটের গোডাউনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইফতারের পর ভবনটির নিচতলায় ঝুটের গোডাউনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভবনের নিচতলার দেয়াল ও জানালা ধসে পড়ে। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন।
এদিকে বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত চারটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙে পড়ে এবং দেয়ালের কিছু অংশ ফেটে যায়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসেন।
নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে ঝুটের গোডাউনে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।