শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৪৩, ১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ শহর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় পৃথক দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স সংক্রান্ত অনিয়মের দায়ে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের পক্ষে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ ও খন্দকার শমিত রাজা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে প্রথমে নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোড এলাকায় অবস্থিত “মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২)” নামক প্রতিষ্ঠানে লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত “জৈনপুর ক্লিনিক”-এ পরিচালিত পৃথক অভিযানে দেখা যায়, ক্লিনিকটির হালনাগাদকৃত লাইসেন্স নেই। এ কারণে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স সংক্রান্ত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। একই বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা বলেন, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।