নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

‎১৩ এপ্রিল থেকে না’গঞ্জ শহরে হকার উচ্ছেদ অভিযান : সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩:০৩, ৮ এপ্রিল ২০২৬

‎১৩ এপ্রিল থেকে না’গঞ্জ শহরে হকার উচ্ছেদ অভিযান : সাখাওয়াত

নারায়ণগঞ্জ শহরের যানজট ও হকার সমস্যা নিরসনে আগামী ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

তিনি এ কার্যক্রম সফল করতে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
‎
‎বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় নাসিকের কনফারেন্স রুমে নগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
‎
‎প্রশাসক সাখাওয়াত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শহরের বিভিন্ন সমস্যা সমাধানে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 তিনি জানান, নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যা সমাধানে ব্যবসায়ী সংগঠনগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। 

এমপি, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ ও র‍্যাব—সবাই এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
‎
‎তিনি আরও বলেন, অতীতে এমপি ও মেয়রের দ্বন্দ্বের কারণে এসব সমস্যার সমাধান সম্ভব হয়নি। তবে এবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
‎
‎হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি জানান, আগামী ১৩ এপ্রিল (সোমবার) চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে অভিযান শুরু হবে। এটি একদিনের জন্য নয়, বরং ধারাবাহিকভাবে প্রতিদিন পরিচালিত হবে।

তিনি রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নগরবাসীর স্বার্থে সবাইকে এই অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান।
‎
‎তিনি বলেন, এ অভিযানে পুলিশ প্রশাসনের পাশাপাশি সিটি কর্পোরেশনের প্রায় ১০০ জন কর্মী নিয়োজিত থাকবে। 

শহরের সব হকার স্থানীয় নয় উল্লেখ করে তিনি জানান, প্রকৃত হকারদের নির্দিষ্ট স্থান ও এলাকায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। 

তবে বিবি রোডে কোনো হকার বসতে দেওয়া হবে না।
‎
‎সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের গতি নিয়েও কঠোর বার্তা দেন প্রশাসক। তিনি বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা হবে।
‎
‎যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে আনার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। 

সাখাওয়াত জানান, তালিকাভুক্ত অটোরিকশা প্রায় ৭ হাজার হলেও বাস্তবে ১৭ হাজার লাইসেন্স এবং প্রায় ৭০ হাজার অটোরিকশা চলাচল করছে। 

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় আলাদা রঙের ডিজিটাল নাম্বার প্লেট চালু করা হবে।
‎
‎তিনি বলেন, ডিজিটাল বারকোডের মাধ্যমে চালক শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি শহরের বাইরের কোনো অটোরিকশাকে শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। এতে যানজট কমবে এবং দুর্ঘটনাও হ্রাস পাবে।
‎
‎সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন