শিরোনাম:
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
প্রকাশ: ১৫:২১, ৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির বলেন, পরীক্ষা যেন স্বচ্ছ, নিরপেক্ষ,শান্তিপূর্ণ পরিবেশে ও মেধাভিত্তিক হয় এবং কোনোভাবেই নকলের সুযোগ না থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না।
নারায়ণগঞ্জ জেলায় আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রসচিব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ সময় এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন, আইন-শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ভেন্যু নির্ধারণ, আসন বিন্যাস, পরিদর্শক নিয়োগ এবং বাজেট প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
এ সময় কেন্দ্রসচিব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা পরীক্ষার সার্বিক প্রস্তুতিমূলক মতামত তুলে ধরেন এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আলীনুর খান এর সঞ্চালনায় সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।