নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের মামলায় আরও একজন গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৬, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৪৭, ১৪ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের মামলায় আরও একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটিরত পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় আরহাম (২২) নামে আরও এক দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে দেওভোগ এলাকার বাশমূলী থেকে সদর মডেল থানার এসআই মো. শহীদুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আরহাম (২২), দেওভোগ পানির ট্যাংকি এলাকার মিঠু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম মৃত নজরুল ইসলাম এবং মায়ের নাম শিউলী বেগম।

পুলিশ জানায়, গত ৯ মার্চ সকাল ৬টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে ডিউটিরত অবস্থায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমানের কাছ থেকে তিনজন দুষ্কৃতকারী চাপাতিসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী এএসআইয়ের দায়ের করা মামলায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়। ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অস্ত্র-গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন