নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট আ’লীগ সরকারের কারণে শিশুদের জীবন হুমকীতে পড়েছে : নাসিক প্রশাসক সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৪৯, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৪৯, ২০ এপ্রিল ২০২৬

ফ্যাসিস্ট আ’লীগ সরকারের কারণে শিশুদের জীবন হুমকীতে পড়েছে : নাসিক প্রশাসক সাখাওয়াত

শিশুদের হাম-রুবেলার টিকা নিয়ে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের অবহেলার কারণে দেশের শিশুদের জীবন হুমকির মুখে পড়েছে। অথচ বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র দুই মাসের মাথায় জরুরী টিকাদান কর্মসূচির ব্যবস্থা করেছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দেওভোগ কড়ইতলা এলাকায় টিকাকেন্দ্রে জরুরী টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় সাখাওয়াত হোসেন খাঁন আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি শিশুও টিকা থেকে বাদ যাবে না।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- মেডিকেল অফিসার ডা. শাহানা সুলতানা, ডা. গোলাম মোর্শেদ, ইপিআই সুপার ভাইজার নাসির উদ্দীন প্রমুখ।

উল্লেখ্য, এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৭টি ওয়ার্ডে ৭৭ হাজার ৯৮৪ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। ১৪ কার্যদিবস ধরে ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের কদম রসূল অঞ্চলকে তিনটি জোনে বিভক্ত করা হয়েছে।

এর মধ্যে নারায়ণগঞ্জ জোনে ৩৭টি কেন্দ্রে ২৮ হাজার ১০১ জন, সিদ্ধিরগঞ্জ জোনে ৫৬টি কেন্দ্রে ২৯ হাজার ৯০৮ জন এবং বন্দরের কদম রসূল জোনে ৩২টি কেন্দ্রে ১৯ হাজার ৯৭৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নাসিকের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম জানান, আগামী ২০ এপ্রিল থেকে প্রথম ৮ কার্যদিবসে কমিউনিটি পর্যায়ে এবং পরবর্তী ৬ কার্যদিবসে স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে ১ জন স্বাস্থ্যকর্মী ও ২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্র ও আশপাশের এলাকায় মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়, সিটি কর্পোরেশন এলাকায় ১৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও ৪ জনের দেহে হাম সনাক্ত হয়। তবে সিটি কর্পোরেশন এলাকায় হামে কোন শিশু মারা যায় নি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন