নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শব্দদূষণ নীরব ঘাতক, সুস্থ জীবনের জন্য শব্দদূষণ কমানো অপরিহার্য : ডিসি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৬, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:০৬, ২৯ এপ্রিল ২০২৬

শব্দদূষণ নীরব ঘাতক, সুস্থ জীবনের জন্য শব্দদূষণ কমানো অপরিহার্য : ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শব্দদূষণ একটি নীরব ঘাতক। উচ্চমাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি, মানসিক স্বাস্থ্য ও শিশুদের স্বাভাবিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। হাইড্রোলিক হর্ন, নির্মাণকাজের বিকট শব্দ, সাউন্ডবক্সের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণে আরো কঠোর হতে হবে।

বুধবার (২৯ এপ্রিল) “আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন” এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জনসচেতনায় র‌্যালি বের করা হয়।

এ সময় জেলা প্রশাসক আরও বলেন, আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করে সেখানে শব্দদূষণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। পরিবেশ অধিদপ্তর, ট্রাফিক পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সুস্থ জীবনের জন্য শব্দদূষণ কমানো অপরিহার্য।

তিনি আরো বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, গাড়ি চালক-শ্রমিকদের প্রশিক্ষণ, স্কুল পর্যায়ে সচেতনতা ক্যাম্পেইন ও নীরব এলাকায় সাইনবোর্ড স্থাপনের কার্যক্রম আরো জোরদার করা হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন এবং নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক।

এছাড়াও সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন