শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৪৯, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:৫১, ৩০ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, চাষাড়া হকার মার্কেটে ৬৭২ জন হকারকে পুনর্বাসন করা হয়েছিল। আমি আজকে সরেজমিনে তদন্ত করে দেখলাম যে, যেসব হকাররা এখানে বরাদ্দ পেয়েছিল, তাদের মধ্যে একজনও এখন এখানে নেই। তারা কেউ দোকান বিক্রি করেছে, কেউ আবার ভাড়া দিয়ে ফুটপাতে গিয়ে ব্যবসা করছে।
এটা তো সিটি কর্পোরেশনের জায়গা। তারা এটা বিক্রি করতে পারে না এবং ভাড়াও দিতে পারে না। আপনারা লক্ষ্য করেছেন যে, ৬ জনের দোকান একত্রিত করে বড় দোকান তৈরি করে তারা ব্যবসা চালাচ্ছে। আমি মনে করি এটা অন্যায়। যেসব হকাররা বরাদ্দ পাওয়ার পরও আবার ফুটপাতে বসার জন্য আন্দোলন করছে, আমি তাদের এই অবৈধ দোকানগুলো ভেঙে দিব এবং প্রকৃত হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করব।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের চাষাড়ায় হকার মাকের্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে তিনি মার্কেটের একাধীক দোকানিদের সাথে কথা বলেন।
এ সময় তিনি তাদের কাছে জানতে চান, এখানে যারা দোকানি রয়েছেন তারা হকার কি না? কিন্তু উত্তরে সবাই বলেন, না। আমরা সবাই ভাড়া নিয়ে দোকান চালাচ্ছি। দোকানিদের এ কথা শুনে রীতিমত অবাক হন।
পরে তিনি দোকানিদের বলেন, এখানে আপনারা থাকতে পারবেন না। সিটি কর্পোরেশন হকারদের পুর্নবাসনের জন্য এ মার্কেট করে দিয়েছে। সেই হকাররাই যদি না থাকে তাহলে এ মার্কেটই থাকবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, যারা বরাদ্দ পাওয়ার পরও দোকান বিক্রি করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সমস্ত নথিপত্র এবং আইনগত দিক বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।