নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

গোগনগরে কেমিক্যাল কারখানার আগুনে ক্ষতিগ্রস্ত ভবন : ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২৫, ২ মে ২০২৬ | আপডেট: ২০:২৬, ২ মে ২০২৬

গোগনগরে কেমিক্যাল কারখানার আগুনে ক্ষতিগ্রস্ত ভবন : ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর এলাকায় কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি ভবনের মালিক ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভবনের মালিক আশিফ আহাম্মেদ আওলাদ। ‎শনিবার (২ মে) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

‎‎লিখিত বক্তব্যে তিনি জানান, গোগনগর মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৭ শতাংশ জমির উপর নিজ অর্থায়নে ৫ তলা ফাউন্ডেশন দিয়ে একটি দ্বিতল ভবন নির্মাণ করেন। তার ভবনের দক্ষিণ পাশে ‘সাইন পলি কেমিক্যাল ফ্যাক্টরি’ নামীয় স্থানে ছোট আকারে ৮টি কারখানা রয়েছে।

‎‎তিনি বলেন, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১টার দিকে পাশের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আলোচিত হয়। আগুনে কারখানার একটি অংশ তার ভবনের ওপর ভেঙে পড়ে। এতে ভবনের দ্বিতীয় তলা সম্পূর্ণ এবং নিচতলার এক-তৃতীয়াংশ পুড়ে যায়। তিনি জানান, এই অগ্নিকাণ্ডে তার জীবনের শেষ সম্বল ধ্বংস হয়ে গেছে, যা তিনি নিজের চোখের সামনে পুড়ে যেতে দেখেছেন।

‎‎আশিফ আহাম্মেদ আওলাদ প্রশ্ন তুলে বলেন, কীভাবে একটি আবাসিক এলাকায় অবৈধভাবে দাহ্য পদার্থের কেমিক্যাল কারখানা স্থাপন করা হয়, তা তার বোধগম্য নয়।

‎‎তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের পর কারখানা মালিকরা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে ক্ষয়ক্ষতির তালিকা চায়। পরে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে ‘ড্রিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট’ দিয়ে ভবনের পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এতে দ্বিতীয় তলা পুনর্নির্মাণ, প্রথম তলার মেরামত এবং পুড়ে যাওয়া আসবাবপত্রসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৬ লাখ ৯৭ হাজার ৬১৯ টাকা নির্ধারণ করা হয়।

‎তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালীদের পরামর্শে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ প্রথমে অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানায়। পরে প্রায় দুই থেকে তিন মাস পর, গত ১ এপ্রিল ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে সদর মডেল থানায় উপস্থিত হয়ে তিনি মামলা দায়ের করতে সক্ষম হন। মামলার নম্বর ০১ (তারিখ: ০১/০৪/২০২৬), ধারা ৪৩৬/৫০৬/৩৪, পেনাল কোড ১৮৬০।

‎‎তিনি আরও বলেন, মামলার চারজন আসামি জামিন পাওয়ার পর তাকে এবং তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। এতে নিরাপত্তাহীনতায় ভুগে তিনি গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৭০৭) করেন।

‎‎সংবাদ সম্মেলনে তিনি তার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন