শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৪৬, ২ মে ২০২৬
“একটা ঝুলন্ত রক্তপিন্ড হতে মানুষের সৃষ্টি, যা সে জানতো না। পবিত্র কুরআন মানবমন্ডলীকে দিয়েছে আলোর দিশা। বিশ্বাস-বোধের সম্মিলনেই সৃষ্টি হয় জীবনধারা। সভ্যতা ও সংস্কৃতি পরিপূরক। জীবনকে ঢেলে সাজাতে মানব সভ্যতা ও সংস্কৃতি চর্চার ইতিহাস জানতে হবে। মানব কল্যাণ সাধনে তৎপর ব্যক্তিই হতে পারেন সুন্দর জীবন গড়ায় দক্ষ কারিগর।”
১ মে (শুক্রবার) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ মহানগরীর তল্লা রোডস্থ সাধারণ পাঠাগারে ‘মানব সভ্যতা : সাংস্কৃতিক ধারা’- শীর্ষক সংস্কৃতি পাঠ কর্মসূচিতে অতিথিবৃন্দ বর্ণিত মন্তব্য করেন।
সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ এর সভাপতি কুতুবউদ্দিন শাহীনের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
কবি, কথাশিল্পী ও প্রাবন্ধিক সোলায়মান আহসান রচিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (আধুনিক ভাষা ইন্সটিটিউটের) প্রভাষক এবং সাধারণ পাঠাগারের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ দিদারুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম (আহ্বায়ক, ড্যাব, নাঃগঞ্জ এবং এনজিএ এর স্বাস্থ্য ও পরিবেশ বিভাগীয় সম্পাদক), মূখ্য আলোচক কালচারাল রিসার্চ সেন্টার ঢাকার নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী, আলোচনায় অংশ নেন- বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী এড. মোহাম্মদ সাজ্জাদ সারোয়ার, তানযীমুল উম্মাহ মাদরাসার শাখা প্রধান ইকবাল হোসাইন মঞ্জু, নাসিক ১১নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আলহাজ্ব অহিদুল ইসলাম (ছক্কু), নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন (এনজিএ) এর সাধারণ সম্পাদক ও সাধারণ পাঠাগারের প্রাক্তন সভাপতি মঈন আহসান, বিশিষ্ট নারী নেত্রী এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক এড. রহিমা শরীফ মায়া, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম সম্পাদক জাহিদ আহমদ, সাধারণ পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী মাহবুব রহমান স্বপন, এনজিএ এর সহ-অর্থ সম্পাদক তাহমিনা হোসেন মুন্নী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর আলম বলেন- সংস্কৃতি হচ্ছে জীবনাচার। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করে বা যাতে সে সম্পৃক্ত হয় সব মিলিয়েই তার সংস্কৃতি। তাই সামাজিক জীবনকে নিরাপদ করতে আমাদের উচিৎ ভালোর সাথে এবং মন্দের বিপক্ষে থাকা। সাধারণ পাঠাগারের শিক্ষণীয় ‘সংস্কৃতি পাঠ’ কর্মসূচি জাতিকে আলোর পথ দেখাবে। তিনি সকলকে জাতিগঠনে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কুতুবউদ্দিন শাহীন অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণধর্মী সংগঠন হিসেবে সাধারণ পাঠাগারের ঐতিহ্য তুলে ধরে সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং ‘ভালোর সাথে আলোর রথে’ পথ চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।