শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬:১৩, ৫ মে ২০২৬ | আপডেট: ২০:০২, ৫ মে ২০২৬
নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে সাদাপোশাকে থাকা র্যাবের গোয়েন্দা দলের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টার দিকে মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে র্যাব-১১’র সাদাপোশাকের একটি গোয়েন্দা দল মাদকের আস্তানা রেকি করতে সেখানে যায়। তারা সেখানে পৌঁছানোর পরপরই কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা র্যাবের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, র্যাব সদস্যদের মাথায়, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে রয়েছে। একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মাহবুব বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ও র্যাবের অভিযান চলছে।
র্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, সাদাপোশাকে র্যাবের একটি গোয়েন্দা দল সেখানে গেলে মাদক ব্যবসায়ী-অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে আহত র্যাব সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।