শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১১:১০, ৮ মে ২০২৬ | আপডেট: ১৯:২১, ৮ মে ২০২৬
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নৌযান উল্টে মো. মহসিন সরদার (৪৩) নামে এক নৌ-পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাত্রিকালীন নৌ টহল চলাকালে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন সরদার খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর এলাকার মৃত আব্দুল করিম সরদারের ছেলে। তিনি বাগেরহাট জেলা থেকে নৌ-পুলিশে সংযুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার ছেলের নাম সিয়াম (১৪) এবং মেয়ে নিশিথা আক্তার মুন্নি (১৯)।
এদিকে, এ ঘটনায় নৌ-পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নৌ-পুলিশ সূত্রে জানাগেছে, কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেনের নেতৃত্বে চার কনস্টেবলসহ একটি টহল দল ডাকাতি প্রতিরোধে নদীতে রাত্রিকালীন টহল পরিচালনা করছিল।
এ সময় নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে নৌযানটি উল্টে যায়।
ঘটনার পর টহল টিমের সদস্যরা সাঁতরে পাশের আরেকটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পান।
তবে কনস্টেবল মো. মহসিন সরদার গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান খান বলেন, রাত্রে অবৈধভাবে বাল্কহেড গুলি নদীতে চলাচল করে, এ সময় অন্ধকারে টহলরত নৌ-পুলিশের বোটের সাথে বাল্কহেডের সাথে দুর্ঘটনাটি ঘটে।
এতে একজন কনস্টেবল গুরুতর আহত হয়ে মারা যান। তবে বাল্কহেডটিকে সনাক্ত করা যায়নি।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।