নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জল্লারপাড়ে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১১, ১৪ মে ২০২৬

জল্লারপাড়ে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার, বিদ্যুতের শক দেওয়ার একটি যন্ত্র এবং বিভিন্ন সাইজের চারটি লোহার রড উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার জল্লারপাড় ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) এবং হাছান আহম্মেদ জিসান (২৪)। মাসুদ সরকারের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায় হলেও বর্তমানে তিনি নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপরদিকে জিসানের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার টানবাজার এলাকায়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জল্লারপাড় ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার মাসুদ সরকারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি, দস্যুতা ও মাদক সংক্রান্ত অন্তত ৯টি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন