শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩০, ১৫ মে ২০২৬ | আপডেট: ২২:৫৫, ১৫ মে ২০২৬
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনা ও অনুমোদন প্রক্রিয়াকে উপেক্ষা করে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের কয়লাঘাট সংলগ্ন বালুর মাঠে অবৈধভাবে কোরবানির পশুর হাট স্থাপনের অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ রয়েছে, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন ও যুবদল নেতা মন্টুর নেতৃত্বে এই অবৈধ পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, বিআইডব্লিউটিএর নিতাইগঞ্জ শাখার সহকারী ম্যানেজার পারভেজ ও সিকিউরিটি কর্মী রিপনসহ কয়েকজন অসাধু কর্মকর্তার সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে হাটটি স্থাপনের অনুমোদন দেওয়ার চেষ্টা চলছে।
এলাকাবাসীর দাবি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কিংবা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো এ হাটের কোনো বৈধ অনুমোদন দেওয়া হয়নি। তারপরও প্রশাসনকে তোয়াক্কা না করে হাট স্থাপনের কার্যক্রম চালিয়ে যাওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, একই এলাকায় একাধিক হাট ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।