শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৭, ১৭ মে ২০২৬
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১৭ মে) বেলা ১২টায় নারায়ণগঞ্জ কলেজ গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ কলেজ শাখার সভাপতি আলিমুল ইসলাম সিফাতের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহবায়ক মৌমিতা আক্তার।
স্মারকলিপিতে উল্লেখিত সংগঠনগুলোর ৪ দফা দাবিগুলো হলো :-
১) সপ্তাহে ৭ দিন, ২৪ ঘন্টা নিঃশর্ত হাফ পাস কার্যকর করা।
২) কলেজের আশেপাশের হকার সমস্যা দূরীকরণের পাশাপাশি ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৩) ক্যাম্পাসের সামনে ট্রাফিক পুলিশ/যানজট নিরসনকর্মী নিয়োগ দিতে হবে।
৪) কলেজের পাশের বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিতে হবে।
সংগঠনগুলোর নেতাকর্মীরা বলেন, ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের স্বার্থে ছাত্রদের উপযোগী শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়তে আমরা ঐক্যবদ্ধ। আমরা নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের যা যা সমস্যা শনাক্ত করতে পেরেছি তা সমাধানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
আমাদের ৪ দফা দাবিকে বাস্তবায়ন করতে আমরা প্রশাসনের কার্যকর ভুমিকা চাই। দ্রুততম সময়ের মধ্যে এই দাবিগুলো নিয়ে কার্যকরি পদক্ষেপ দৃশ্যমান না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।