নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের হাটগুলোতে ভরা গরু, ক্রেতার অপেক্ষায় বেপারীরা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৬, ২৪ মে ২০২৬ | আপডেট: ২২:২২, ২৪ মে ২০২৬

নারায়ণগঞ্জের হাটগুলোতে ভরা গরু, ক্রেতার অপেক্ষায় বেপারীরা

কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহর ও আশপাশের পশুর হাটগুলোতে নদী ও সড়কপথে প্রতিদিনই আসছে কোরবানির পশু। হাটজুড়ে এখন গরুর সমারোহ থাকলেও জমে ওঠেনি বেচাকেনা। অধিকাংশ ক্রেতা হাটে এসে গরু দেখছেন, দরদাম করছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না। ফলে বিক্রির আশায় অপেক্ষায় রয়েছেন বেপারীরা।

‎‎হাট সংশ্লিষ্টরা বলছেন, ঈদের এখনও চারদিন বাকি থাকায় ক্রেতারা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে সোমবার থেকে হাট পুরোপুরি জমে উঠবে বলে আশা করছেন তারা।
‎‎গত ২০ মে থেকে শুরু হওয়া সৈয়দপুর কড়ইতলা আঃ খালেক মাদবরের খালি জায়গার কোরবানির পশুর হাটে এখন বাড়ছে মানুষের উপস্থিতি। শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে অল্প দূরত্বে অবস্থিত এই হাটে শনিবার সবচেয়ে বেশি ক্রেতা ও দর্শনার্থীর দেখা মিলেছে।

‎‎হাট ঘুরে দেখা গেছে, গরু রাখার স্থানগুলো ত্রিপল ও সামিয়ানা দিয়ে ঢেকে রোদ-বৃষ্টি থেকে সুরক্ষিত রাখা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বেপারীরা ইতোমধ্যে তাদের গরু নিয়ে অবস্থান নিয়েছেন। ‎সিরাজগঞ্জের চুহালী থেকে আসা বেপারী আঃ রহিম সাতটি গরু নিয়ে হাটে এসেছেন। 

‎তিনি বলেন,“হাট শুরুর দিন থেকেই মানুষ আসছে, গরু দেখছে, দরদামও করছে। কিন্তু এখনো কেউ কিনছে না। সাধারণত শেষ দুই-তিন দিনেই আসল বেচাকেনা হয়। আশা করছি সোমবার থেকে হাট জমে উঠবে।”

‎হাটের ইজারাদার রাফি উদ্দিন রিয়াদ জানান, এ বছর শহরের খুব কাছেই তাদের এই হাট বসেছে। এখানে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু এসেছে। 

‎তিনি বলেন, “হাটকে কেন্দ্র করে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। এখনো পুরোপুরি বেচাকেনা শুরু হয়নি। তবে সোমবার থেকে ক্রেতাদের চাপ বাড়বে বলে আমরা আশাবাদী।”
‎হাটে আসা ক্রেতা আব্দুল মালিক বলেন, কয়েক বছর ধরেই তিনি এই হাটে গরু কিনতে আসেন। তার ভাষায়, ‎“এবার মাঝারি আকারের গরু বেশি দেখা যাচ্ছে। বড় দেশি গরু তুলনামূলক কম। এখনো দাম যাচাই করছি। সোম বা মঙ্গলবারের দিকে গরু কেনার পরিকল্পনা আছে।”

‎‎খানপুর এলাকা থেকে পরিবার নিয়ে হাটে আসা আসলাম মাহমুদ বলেন,“প্রতি বছর বউ-বাচ্চারা হাটে আসতে চায়। এবারও তাদের নিয়ে এসেছি। আজ শুধু ঘুরে দেখছি, কয়েকদিন পর গরু কিনবো।”

‎অন্যদিকে সিরাজগঞ্জ থেকে আসা বেপারী শামীম সরকার বলেন, “আমরা যে দাম চাইছি, ক্রেতারা তার কাছাকাছিও আসছে না। চার দিনেও একটি গরু বিক্রি হয়নি। এখন দেখার বিষয় আগামীকাল কী হয়।”

‎পুরো হাট ঘুরে দেখা যায়, দেশি গরুর সংখ্যাই বেশি। এখনও নতুন নতুন জায়গায় তাঁবু টানানো হচ্ছে। নদীপথে ট্রলার থেকে গরু নামিয়ে সরাসরি শেডে নেওয়া হচ্ছে। কেউ গরুর পরিচর্যায় ব্যস্ত, আবার কেউ সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে দরদামে সময় কাটাচ্ছেন।

‎হাট সংশ্লিষ্টদের ধারণা, ঈদের শেষ দুই দিনেই মূল বেচাকেনা জমে উঠবে এবং তখনই প্রাণ ফিরে পাবে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটগুলো।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন