শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১২:৪৪, ২৭ মে ২০২৬ | আপডেট: ১২:৫১, ২৭ মে ২০২৬
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
রোববার (২৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ। পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই ঈদে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।
আপনারা সবাই অবগত আছেন যে, নারায়ণগঞ্জ একটি শিল্প ও বাণিজ্য সমৃদ্ধ জেলা। এখানকার মানুষ পরিশ্রমী, শান্তিপ্রিয় ও মানবিক। ঈদের আনন্দ যেন সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে সে জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও সেবা নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, কোরবানির পশুর হাটের নিরাপত্তা, বাজার মনিটরিং ও শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে প্রশাসনের গৃহীত পদক্ষেপ এবারের ঈদকে জনসাধারণের জন্য উপভোগ্য ও শান্তিময় করতে ভূমিকা রেখেছে বলে আমরা আশাবাদী।
নারায়ণগঞ্জবাসীর প্রতি আমি দৃঢ়ভাবে আহ্বান জানাই যে , আসুন, ঈদের খুশি ভাগ করে নিই সবার সঙ্গে। পশু কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখি। সড়কে শৃঙ্খলা মেনে চলি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি।
সবশেষে আবারো নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি জেলার সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবি, ব্যবসায়ী, শ্রমিক এবং প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।