শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০০, ২ জুন ২০২৬ | আপডেট: ২২:০৬, ২ জুন ২০২৬
ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনবিহীন ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে শহরের চাষাঢ়ায় তিনটি ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এর মধ্যে নিউ রবিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা, হৃদয় মেডিকেল হলকে ২৫ হাজার টাকা এবং দীপ্ত মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২ জুন) বিকেলে শহীদ জিয়া হলের পাশে ওষুধ বিক্রয়ের দোকানগুলোতে এ অভিযান চালায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমিন ও মো. মাহমুদুল হাসান।
জেলা ওষুধ প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর ৪০(ক), ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ওই তিন ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, নারায়ণগঞ্জ-এর ঔষধ তত্ত্বাবধায়ক মো. কবির হোসেন। তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অবৈধ ওষুধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।