শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২২, ১৪ জুন ২০২৬
শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সহ তাদের স্বার্থ রক্ষাকে মূল লক্ষ্য হিসেবে নিয়ে যাত্রা শুরু করলো নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা, অটোটেম্পো, মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়ন (রেজি:নং-না:গঞ্জ-০৩৭)।
সরকারের শ্রম অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েই শ্রমিকদের স্বার্থ রক্ষায় ইতোমধ্যেই কাজ করে দিয়েছে ইউনিয়নটির নেতৃবৃন্দরা।
তারা এ বিষয়ে প্রশাসন ও বিভিন্ন দপ্তরকে লিখিতভাবে অবহিত করণসহ শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য আলোচনা করেছে এবং যা এখনও চলমান রয়েছে।
এ বিষয়ে শ্রমিক ইউনিয়নটির সভাপতি মো. আরিফ হাসান ও সাধারণ সম্পাদক মো: বিপ্লব হোসেন সাংবাদিকদের বলেন, গত ২৩ মে ২০২৬ তারিখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বিভাগীয় শ্রম দপ্তর, নারায়ণগঞ্জ থেকে ইউনিয়নটিকে রেজিস্ট্রেশন প্রদান করা হয়। যার রেজিস্ট্রেশন নং-নাঃগঞ্জ-০৩৭।
আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে কাজ করা। ড্রাইভিং বা চালক নামক ঝুঁকিপূর্ণ এ পেশায় আমরা সর্বদা নিয়োজিত থেকে জনসাধারণের চলাচলসহ বিভিন্ন মাধ্যমে অর্থনীতির চাকাকে সমুন্নত রাখছি।
ড্রাইভারদের বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হতে হয়, তাই দুর্ঘটনায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা ও আহত চালকদের সু-চিকিৎসার ব্যবস্থা কিভাবে করা যায়, আমরা সেটা নিয়েও খুব শীঘ্রই কাজ শুরু করবো। প্রয়োজনে আমরা এ বিষয়ে সরকারের প্রতি দ্বারস্থ হবো যাতে শ্রমিকরা অন্তত এ অধিকারটুকু পায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেন, হ্যাঁ আমরা অস্বীকার করবো না যে, প্রায় সময় শ্রমিক সংগঠনের নামে কিছু অসাধু ব্যক্তিরা চাঁদা আদায় করা হয়। তবে আমাদের ইউনিয়ন সম্পূর্ণ এর বাইরে। কেউ যদি এ ইউনিয়নের নামে কারো কাছে চাঁদা দাবি করে, তাহলে আমাদের অনুরোধ থাকবে তাকে ধরে যেন আইনশৃঙ্খলাবাহিনীর কাছে সোর্পদ করে।
তারা বলেন, আমরা মাত্র কিছুদিন হলো নিবন্ধন পেয়েছি। তবে এরই মধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা সড়কে শৃঙ্খলা ফেরাতে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক রাখবো, তাদের নিজ নিজ আইডি থাকবে, আমাদের ইউনিয়নের নাম সম্বলিত ড্রেস থাকবে।
যাতে দেখলে সহজেই চেনা যায় যে, এসব স্বেচ্ছাসেবক আমাদের ইউনিয়নের। তাছাড়া আমরা চাচ্ছি, প্রতিটি শ্রমিকদেরও তার পরিচয় থাকুক। সেক্ষেত্রে তাদেরকেও আইডি কার্ডের আওতায় আনার চিন্তাভাবনা আমাদের রয়েছে।
তারা আরও বলেন, বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী পরিবহন সেক্টর বা যান শ্রমিকদের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সড়ক পরিবহন খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলেও, এই খাতের শ্রমিকরা প্রায়শই তাদের আইনি অধিকার থেকে বঞ্চিত হন। মানুষ হিসেবে একজন চালকের ন্যায্য অধিকার দিতে হবে। এজন্য চালকদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে।
কর্ম ঘন্টা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। আর এজন্য আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করতে চাই এবং সেই সাথে সাংবাদিকসহ সর্বমহলের সহযোগীতা চাই। আশাকরছি, সকলের সহযোগীতায় আমরা এগিয়ে যেতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা, অটোটেম্পো, মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি শিপলু, আমির হোসেন, মো: আলম, দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন, সাংগঠনিক মো: পারভেজ ও সহ সাংগঠনিক মো: মাহবুবসহ আরও অনেকে।