শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৫৩, ১৭ জুন ২০২৬
ভূমি অধিগ্রহণ আর রিকুইজিশনের কাজে ফাইলবন্দি যুগ শেষ। সব তথ্য এখন ক্লিকেই পাওয়া যাবে। ভূমি সেবায় স্বচ্ছতা ও গতি আনতে ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারে দ্রুত ও নির্ভুল ডাটা এন্ট্রির তাগিদ দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বুধবার (১৭ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রিনাত ফৌজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ডিসি রায়হান কবির বলেন, ম্যানুয়াল পদ্ধতির হয়রানি আর বিলম্ব বন্ধ করতেই এই সফটওয়্যার। নোটিশ থেকে শুরু করে প্রস্তাব, মূল্যায়ন, ক্ষতিপূরণের টাকা, সবকিছুই থাকবে ডিজিটাল প্ল্যাটফর্মে। সেবাগ্রহীতা ঘরে বসেই তার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
তিনি হুঁশিয়ার করে বলেন, সফটওয়্যারের সুবিধা পেতে হলে ডাটা এন্ট্রিতে এক চুলও ভুল করা যাবে না। ভুল তথ্য পুরো সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নির্ভুল তথ্য আপলোড করতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমি সেবাকে আরও সহজ করাই আমাদের লক্ষ্য।
কর্মকর্তা কর্মচারীদের দক্ষ করতে নিয়মিত প্রশিক্ষণ চালু রাখা হবে জানিয়ে ডিসি বলেন, কারিগরি সমস্যা হলে দ্রুত সমাধানে ফোকাল পয়েন্ট থাকবে। দেরি করার সুযোগ নেই।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রিনাত ফৌজিয়া ডাটা এন্ট্রির অগ্রগতি তুলে ধরেন। তিনি উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কাজ শেষ করার কড়া নির্দেশ দেন।
মতবিনিময় সভায় রাজস্ব শাখার কর্মকর্তা, সব উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সফটওয়্যার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ের সমস্যা তুলে ধরেন।