নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মহানগর বিএনপির শীর্ষ নেতার নামে চাঁদা দাবি, না পেয়ে বাস চলাচল বন্ধ করার অভিযোগ

পজেটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৫:৫৮, ২০ জুন ২০২৬ | আপডেট: ২০:৫৫, ২০ জুন ২০২৬

মহানগর বিএনপির শীর্ষ নেতার নামে চাঁদা দাবি, না পেয়ে বাস চলাচল বন্ধ করার অভিযোগ

মহানগর বিএনপির শীর্ষ এক নেতার নামে নারায়ণগঞ্জ থেকে চন্দ্রা রুটে চলাচলরত একমাত্র যাত্রীবাহী পরিবহন মৌমিতা কর্তৃপক্ষের কাছে লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

দাবিকৃত চাঁদা না পেয়ে মৌমিতা বাসের চালক হেলপারদের মারধর করে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান ওই পরিবহনের কর্তৃপক্ষ বাস মালিক, চালক ও হেলপাররা।

এদিকে এ ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন এ রুটে চলাচলকারী হাজারো যাত্রী।

মৌমিতা পরিবহনের নারায়ণগঞ্জের দায়িত্বরত সুপারভাইজার রফিকুল ইসলাম কালা বলেন, মহানগর বিএনপির ক্ষমতাধর এক শীর্ষ নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে মৌমিতা বাস কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম)-কে ডেকে নিয়ে মাসিক এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা প্রদান না করলে রুটে বাস চলাচল বন্ধ, গাড়ি ভাঙচুর এবং হামলার হুমকি দেওয়া হয়।

এঘটনার পর শনিবার (২০ জুন) ওই শীর্ষ নেতার নির্দেশে ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ, সহ-সভাপতি, মহানগর বিএনপির সেক্রেটারির পিএস শাহাবুদ্দিন, শহিদ, সানি, মাহাবুব, তপন, হিরা সরদার, মাসুম, দুলাল ও জুলহাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং তাদের সহযোগীরা মৌমিতা বাসের চলাচল বন্ধ করে দেন।

পরিবহন কর্তৃপক্ষের দাবি, এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি  মানবাধিকার পরিপন্থী এবং সাধারণ মানুষের চলাচলের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করে। 

বাস চলাচল বন্ধ থাকায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

অভিযোগকারী রফিকুল ইসলাম কালা ও পরিবহনের বাস মালিক-শ্রমিকদের দাবি, সরকার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। 

সেখানে চাঁদার দাবিতে বাস চলাচল বন্ধ করে দেওয়া সরকারের সুনাম নষ্ট করার ষড়যেন্ত্রর কৌশল। 

এবিষয়ে তারা বিএনপির উর্ধ্বতন নেতৃবন্দ ও আইনশৃংখলা রক্ষাবাহিনির হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন