নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১২, ২০ জুন ২০২৬

বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নারায়ণগঞ্জ শহরের মেট্রোহল স্ট্যান্ডে কথিত এক যুবদল নেতার নেতৃত্বে চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করছে ১২নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম কালা।

একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির নেতারা।

‎‎শনিবার (২০ জুন) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ ও সহ-সভাপতি শাহাবুদ্দিন বুদ্ধি।

‎‎সংবাদ সম্মেলনে তারা বলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নির্দেশনায় চাষাড়া ও মিশনপাড়া মোড় এলাকায় যানজট নিরসনে ১২ ও ১৩নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিয়মিত কাজ করছেন।

‎‎তারা জানান, মিশনপাড়া এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি গার্লস স্কুল এবং একটি মসজিদ রয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ সড়ক ব্যবহার করেন। যানজট ও বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

‎‎বিএনপি নেতাদের দাবি, শনিবার দুপুরে যানজট নিয়ন্ত্রণে কাজ করার সময় তারা মৌমিতা পরিবহনের বাসগুলোকে চাষাড়া হয়ে চলাচলের অনুরোধ করেন, কারণ মেট্রোহল পর্যন্ত তাদের কোনো বৈধ রোড পারমিট নেই। এরপরই বিষয়টিকে কেন্দ্র করে অপপ্রচার শুরু হয়।

‎‎সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মেট্রোহল স্ট্যান্ডে মৌমিতা পরিবহনের বাস নিয়ন্ত্রণ করেন ১২নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম কালা, যিনি সাবেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। 

বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, কালা এখনও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে সক্রিয় ভূমিকা পালন করছেন।

‎‎তারা বলেন, “ফ্যাসিবাদের দোসর রফিকুল ইসলাম কালা কথিত এক যুবদল নেতার ছত্রছায়ায় থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

‎‎সংবাদ সম্মেলন থেকে রফিকুল ইসলাম কালাকে দ্রুত গ্রেপ্তার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

‎‎এ সময় উপস্থিত ছিলেন মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাদশা মিয়া বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম, ১৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, ১২নং ওয়ার্ড কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, যুবদল নেতা সাইদুজ্জামান শহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন