শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪০, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১৯:৪১, ২৫ জুন ২০২৬
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেও যে উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি, সেই কাজ মাত্র তিন মাসের মধ্যে প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েই করে দেখিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বছরের পর বছর অবহেলা, দখল ও আবর্জনার স্তূপে নষ্ট হতে বসা শহরের ঐতিহ্যবাহী দেওভোগ জিউস পুকুর এখন নতুন রূপে ফিরে আসছে।
দীর্ঘদিন ধরে পুকুরটির করুণ অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছিল। অবশেষে তাদের সেই আক্ষেপ দূর করে পুকুরটির সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
স্থানীয়দের মতে, দীর্ঘ সময় ধরে পুকুরটি অপরিকল্পিতভাবে ব্যবহৃত হওয়ায় এর পরিবেশ নষ্ট হয়ে যায়। পানিতে জমে থাকা ময়লা-আবর্জনা, জলজ আগাছা এবং অপরিচর্যার কারণে পুকুরটি কার্যত তার সৌন্দর্য ও উপযোগিতা হারিয়ে ফেলেছিল। বিভিন্ন সময়ে সংস্কারের দাবি উঠলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি।
প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এড. সাখাওয়াত হোসেন খান নগরীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে গুরুত্বারোপ করেন। এরই ধারাবাহিকতায় দেওভোগ জিউস পুকুরকে পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে পুকুর পরিষ্কার, আগাছা অপসারণ এবং পরিবেশ উন্নয়নের কাজ চলমান রয়েছে। ফলে পুকুরটির হারানো সৌন্দর্য ধীরে ধীরে ফিরে আসছে।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বহু বছর ধরে পুকুরটির সংস্কারের দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বর্তমান প্রশাসকের উদ্যোগে কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং পুকুরটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় ধারাবাহিক তদারকির দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেওভোগ জিউস পুকুরের সংস্কার শুধু একটি জলাধার পুনরুদ্ধারের উদ্যোগ নয়; এটি নগরীর পরিবেশ সংরক্ষণ ও নাগরিকদের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার প্রচেষ্টারও অংশ। প্রশাসকের এই পদক্ষেপ নগরবাসীর কাছে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে