নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে কনিষ্ঠ জুলাই শহীদ রিয়া গোপের পরিবারকে নাসিক প্রশাসকের আর্থিক উপহার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১৪, ২৯ জুন ২০২৬ | আপডেট: ১৯:১৪, ২৯ জুন ২০২৬

নারায়ণগঞ্জে কনিষ্ঠ জুলাই শহীদ রিয়া গোপের পরিবারকে নাসিক প্রশাসকের আর্থিক উপহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ছয় বছর বয়সী শিশু রিয়া গোপের পরিবারের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সোমবার (২৯ জুন) নগরীর নয়ামাটি এলাকায় রিয়ার বাবা দীপক কুমার গোপ ও মা বিউটি ঘোষের হাতে তাদের বাসভবনে গিয়ে এ সহায়তার চেক তুলে দেন তিনি।

এ সময় তিনি বলেন, রিয়ার হত্যা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে এবং বর্তমান সরকার দ্রুত, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, এই মামলার সাক্ষী হিসেবেও আমি যুক্ত আছি। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রিয়া হত্যার ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে শহরের মণ্ডলপাড়া থেকে ২ নম্বর রেলগেট এলাকায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় নয়ামাটিতে নিজ বাসার পাঁচতলার ছাদে খেলছিল ছয় বছর বয়সী রিয়া গোপ। হঠাৎ গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর ২৪ জুলাই তার মৃত্যু হয়।

ঘটনার প্রায় এক বছর পর চলতি বছরের ২৯ জুন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে রিয়া গোপের হত্যা মামলা দায়ের করে। নিহত শিশুটির পরিবার মামলা না করায় পুলিশ নিজ উদ্যোগে মামলাটি করে।

এদিকে, সন্তান হারানোর শোক আজও কাটিয়ে উঠতে পারেননি রিয়ার বাবা-মা। তার মা বলেন, অনেক কষ্টের বিনিময়ে আমি এই সন্তানটি পেয়েছিলাম আমি আর মা ডাক শুনতে পারব না।  মেয়ের অসংখ্য স্মৃতি নিয়েই আমাদের প্রতিটি দিন কাটছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন